বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ এবং আমাদের গর্বিত হওয়ার এক সুন্দর উপলক্ষ্য

Monday, 7 February 2011

এবারের বিশ্বকাপে বাংলাদেশ; ভারত এবং শ্রীলংকার সাথে যৌথভাবে আয়োজক দেশ। যা আমাদের দেশের জন্য, আমাদের পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের খবর। আজ আমরা বিশ্বকাপের আয়োজক দেশ হতে পেরে গর্বিত। এটা আমাদের দেশকে সারা বিশ্বের সামনে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ। এরই মাঝে আরেকটা সুখবর পেলাম এবং সেটা হচ্ছে, বাংলাদেশ এখন ওয়ান ডে র‍্যাংকিং এর ৮ নাম্বারে উঠে এসেছে। অর্থাৎ, এখন আমরা ওয়েস্ট ইন্ডিজের আগে।
যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ঘটলো। লিঙ্ক এখানে। বিশ্বকাপের ঠিক আগে আগে এরকম একটা খবর আমাদের জন্য নিঃসন্দেহে একটি অত্যন্ত সুখবর, তা তো আর বলার অপেক্ষা রাখে না। আমি এবং আমরা সবাই আজ অধীর আগ্রহে অপেক্ষা করছি সেই মাহেন্দ্রক্ষণের জন্য। আমাদের প্রত্যাশা বেশি নয়। আমরা এখনো ক্রিকেট বিশ্বে শিশু দেশ হিসেবেই পরিচিত। আমাদের চাওয়া শুধু এতোটুকুই যে, আমাদের দেশ এ বিশ্বকাপে মন-প্রাণ উজার করে খেলুক। সারা বিশ্বকে দেখিয়ে দিক যে, না আমরাও পারি। আমাদেরও আছে তোমাদের হারানোর ক্ষমতা, আমাদেরও আছে তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস। আজ আমরা মাঠে সম্মানজনক হারের উদ্দেশ্যে নামি না। আজ আমরা মাঠে নামি জয়ের আশা নিয়ে, নিজেদের যোগ্যতার বিশ্বমানের কোটায় পৌঁছানোর অকাট্য প্রমাণ হাজির করার জন্য। বিশ্বকাপ ফুটবলে যেমন সারা দেশের মানুষ আনন্দে মেতে উঠেছিলো; দেশকে, নিজেকে সাজিয়ে তুলেছিল রঙবেরঙের নানা পতাকা দিয়ে, আমি চাই এ বিশ্বকাপে আমরাও আমাদের দেশকে, নিজেকে সাজিয়ে তুলি পতাকা দিয়ে। তবে এ পতাকা যেন আমার নিজের দেশের পতাকা হয়, আমার প্রিয় বাংলাদেশের পতাকা হয়। আমি চাই না, এ বিশ্বকাপে ফুটবল বিশ্বকাপের মতো অন্য দেশের পতাকা উড়ুক অথবা ভারত, পাকিস্তান, অষ্ট্রেলিয়ার কিংবা অন্য কোন দেশের পতাকা দিয়ে সারা বাংলাদেশ ছেয়ে যাক। আমার প্রত্যাশা এতোটুকুই, এ বিশ্বকাপে আমরা যেন শুধু আমাদের দেশকেই সাপোর্ট করি। পতাকা যদি তুলতেই হয়, তবে যেন নিজের দেশের পতাকা তুলি। লাল সবুজের পতাকা দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করি এ দেশের যতো আবর্জনা, দুঃখ-কষ্ট, বেদনা এবং সকল অভিশাপ। আসুন আমরা বিশ্বকাপের ফুটবলের মতো ব্রাজিল অথবা আর্জেন্টিনার পাহাড় সমান পতাকা না লাগিয়ে, দেশের ছোট একটা পতাকা হাতে নিয়ে আমাদের দেশের ক্রিকেট দলকে উৎসাহিত করি, অনুপ্রেরণা দেই আমাদের চ্যালেঞ্জিং একটি বিশ্বকাপ ক্রিকেট উপহার দেওয়ার জন্য।

0 comments:

Post a Comment